কুড়িগ্রামের উলিপুরে সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে কৃষকদের মধ্যে সার বিতরণ শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নতুন অনন্তপুর বাজারের মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের ডিলারের কাছ থেকে সার নেওয়ার জন্য সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে চার শতাধিক কৃষক সেখানে জড়ো হন। সার বিতরণ শুরু না হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষার পর ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে কৃষকেরা কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।
এতে সড়কটিতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
কৃষকদের অভিযোগ, কয়েক দিন ধরে ডিলারের কাছে ঘুরেও তারা প্রয়োজনীয় সার পাচ্ছিলেন না। মঙ্গলবার সার দেওয়ার কথা থাকলেও দীর্ঘ সময় অপেক্ষার পরও বিতরণ শুরু না হওয়ায় তারা সড়ক অবরোধে যেতে বাধ্য হন।
খবর পেয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তারা কৃষকদের সঙ্গে কথা বলে প্রয়োজন অনুযায়ী সার দেওয়ার আশ্বাস দেন। পরে অবরোধ তুলে নেওয়া হলে সার বিতরণ শুরু হয়।
উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, বিপুলসংখ্যক কৃষকের উপস্থিতির কারণে সার বিতরণে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। পরে প্রশাসন ও পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ওইদিন উপস্থিত কৃষকদের মধ্যে ২১৫ বস্তা ইউরিয়া সার বিতরণ করা হয়েছে।
সুফিয়া এন্টারপ্রাইজের ব্যবস্থাপক শামসুল আলম বলেন, সারের জন্য ব্যাপক চাপ রয়েছে। সকাল থেকেই বিপুলসংখ্যক কৃষক দোকানের সামনে অপেক্ষা করছিলেন। পরে প্রশাসন ও পুলিশের সহযোগিতায় সার বিতরণ শুরু করা হয়।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ বলেন, সকাল ৮টায় সার বিতরণের কথা থাকলেও বিপুলসংখ্যক গ্রাহকের চাপের কারণে ডিলারের লোকজন দোকান খুলতে দেরি করেন। এতে কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে সড়কে অবরোধের চেষ্টা করেন। তাদের আশ্বস্ত করা হয়েছে যে প্রয়োজন অনুযায়ী সার দেওয়া হবে। তিনি জানান, সারের কোনো সংকট নেই।
