সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৬৫০ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

পুলিশ জানায়, শুক্রবার রাতে আশুলিয়ার আমবাগান কবরস্থান এলাকা, সাভারের ব্যাংক কলোনি ও সিন্ধুরিয়া দক্ষিণপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আশুলিয়ার আমবাগান এলাকার মৃত আলাল মিয়ার মেয়ে পারভীন আক্তার (৪৮), সাভারের পোড়াবাড়ি বক্তারপুর এলাকার ওসমান গনির ছেলে ওমর ফারুক ওরফে টিয়া (৩০) এবং গাইবান্ধার সাদুল্লাপুর থানার টিয়াগাছা ভবানীপুর এলাকার গুলজার রহমানের ছেলে লেবু মিয়া (৩০)।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার আমবাগান কবরস্থান এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পারভীন আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, সাভার মডেল থানাধীন ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে লেবু মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

এ ছাড়া সাভার মডেল থানার সিন্ধুরিয়া দক্ষিণপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওমর ফারুক ওরফে টিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার পারভীন আক্তারের বিরুদ্ধে আগেও ছয়টি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version