নিজস্ব প্রতিবেদক

দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা এবং সরকারি ক্রয় কার্যক্রমে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সংশোধিত বিধানে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষার পাশাপাশি সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে ক্রয়চুক্তির প্রশাসন ও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিধান সম্প্রসারণ এবং উন্মুক্ত দরপত্র পদ্ধতির কার্যপ্রক্রিয়া আধুনিকায়নের প্রস্তাব রয়েছে।

টেকসই সরকারি ক্রয়ব্যবস্থা জোরদারে পণ্য, কাজ ও ভৌত সেবা ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে। আন্তর্জাতিকভাবে ব্যবহৃত ‘রেটেড ক্রাইটেরিয়া’ পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে দরপত্র মূল্যায়নের বিধানও যুক্ত করা হয়েছে।

জাতীয় জরুরি পরিস্থিতিতে সীমিত দরপত্রসহ বিকল্প ক্রয়পদ্ধতি ব্যবহারের সুযোগ রাখার পাশাপাশি পেশাগত অসদাচরণসংক্রান্ত বিধান আরও স্পষ্ট করার প্রস্তাব রয়েছে।

মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেলেও আইন, বিচার ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে অধ্যাদেশটি চূড়ান্ত কার্যকর হবে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version