রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারে সাবলেট ভাড়া দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। আবাসিক এলাকার পরিবেশ উন্নয়ন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার আকস্মিক পরিদর্শনকালে তিনি এসব বিষয়ে কথা বলেন।
সরকারি কোয়ার্টারে সাবলেট নিয়ে প্রশ্ন
পরিদর্শনকালে সরকারি কোয়ার্টারে সাবলেট ভাড়া দেওয়ার তথ্য শুনে প্রধানমন্ত্রী জানতে চান, সাবলেট দেওয়া বৈধ কি না। তিনি বলেন, “সাবলেট দেওয়া কি বৈধ? যদি তা বৈধ না হয়ে থাকে, তাহলে কীভাবে এসব চলছে? আমি দেখি কি করতে পারি।”
এ সময় কোয়ার্টারের সার্বিক পরিবেশের উন্নয়নে বাসিন্দাদেরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ, সময় দুই সপ্তাহ
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী কোয়ার্টারের বিভিন্ন এলাকা, চলাচলের পথ ও সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন। পরিচ্ছন্নতার ঘাটতি নজরে এলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এর কারণ জানতে চান। কোয়ার্টারের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
আগামী দুই সপ্তাহের মধ্যে কোয়ার্টারের পরিচ্ছন্নতা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বাসিন্দাদের অভিযোগ শুনলেন প্রধানমন্ত্রী
পরিদর্শনকালে কোয়ার্টারের বাসিন্দারা এলাকার অপরিচ্ছন্ন পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তাঁরা আবাসিক এলাকার পরিবেশ উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
প্রধানমন্ত্রী বাসিন্দাদের অভিযোগ শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরিদর্শনের একপর্যায়ে কোয়ার্টারে বসবাসরত শিশুদের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
