প্রধানমন্ত্রী তারেক রহমান সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে দেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, তরুণ ও গবেষকদের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার নভোথিয়েটারে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। রাষ্ট্রের প্রয়োজনে সবাইকে এগিয়ে এসে নিজেদের উদ্ভাবনী চিন্তা ও সক্ষমতা কাজে লাগাতে হবে। সরকারও উদ্যোক্তা, ব্যবসায়ী, গবেষক ও বিনিয়োগকারীদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।
তিনি সরকার, উদ্যোক্তা, বিনিয়োগকারী, গবেষক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
তারেক রহমান বলেন, অনুষ্ঠানের বক্তাদের বক্তব্য ও উপস্থাপনায় আগামী দিনের বাংলাদেশের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা উঠে এসেছে। এসব বিষয় ধাপে ধাপে বাস্তবায়ন করা গেলে দেশের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দেশের সামগ্রিক অগ্রগতিতে উদ্ভাবক ও ব্যবসায়ীদের ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বর্তমান সময়ের প্রয়োজন অনুযায়ী নতুন ও কার্যকর ধারণা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দেশের উদ্ভাবনকে নীতিগত সহায়তা, শিল্প, বিনিয়োগ ও বাজারের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, আর্থিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষক ও উন্নয়ন সহযোগীরা অংশ নিচ্ছেন।
মেলায় সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।
আয়োজকদের মতে, দেশের বিভিন্ন প্রান্তে অনেক সম্ভাবনাময় প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণা তৈরি হলেও নীতিগত সহায়তা, প্রাথমিক অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার অভাবে সেগুলো অনেক সময় বাজারে পৌঁছাতে পারে না। এসব প্রতিবন্ধকতা দূর করা, মেধাস্বত্ব সুরক্ষা এবং উদ্ভাবনের বাণিজ্যিক সম্প্রসারণে সহায়তা করাই মেলার অন্যতম লক্ষ্য।
মেলার দ্বিতীয় দিনে সাশ্রয়ী ও সবার জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিয়ে ‘Healthcare Innovation for All: Expanding Access to Affordable and Inclusive Healthcare’ শীর্ষক আন্তর্জাতিক অধিবেশন অনুষ্ঠিত হবে।
