শেরপুর প্রতিনিধি 

শেরপুরে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জিপিএ-৫ কৃতী সংবর্ধনা ২০২৬’। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয় এ আয়োজন।

সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। সকাল সাড়ে ৮টার মধ্যেই অনুষ্ঠানস্থল শিক্ষার্থী-অভিভাবকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত চার শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেয়।

প্রথম আলোর আয়োজনে এবং ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম ‘শিখো’র সহযোগিতায় দেশের ৬৪ জেলায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে এ সংবর্ধনার আয়োজন করা হচ্ছে। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে শেরপুর পর্বের আয়োজন অনুষ্ঠিত হয়।

জাতীয় সংগীতের মাধ্যমে সকাল ১০টায় মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন বিভিন্ন অতিথি। তারা শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে জীবনের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সমাজকর্মী রাজিয়া সামাদ বলেন, দেশকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা ছাড়া শিক্ষার পূর্ণতা আসে না।

শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রউফ বলেন, এমন শিক্ষা প্রয়োজন, যা মানুষের ভেতরের অমানবিকতাকে দূর করে মানবিক ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থনির্ভর শিক্ষার বিরুদ্ধে থাকার শপথও করানো হয়। তাদের পাঠ্যবই বুঝে পড়া এবং ভবিষ্যৎ জীবনের জন্য নিজেকে প্রস্তুত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে জেলার কৃতী শিক্ষার্থীদের একজন অনুশ্রী রানি দে নিজের সংগ্রামের কথা তুলে ধরেন। অষ্টম শ্রেণিতে পড়ার সময় মাকে হারানো অনুশ্রী জানান, তার বাবা দিনমজুরের কাজ করেন। আর্থিক সংকট থাকলেও তা তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ভবিষ্যতে দরিদ্র ও পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ইচ্ছার কথাও জানান তিনি।

অনুষ্ঠানজুড়ে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, কুইজ, পুরস্কার বিতরণ ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। শিক্ষার্থীরা বন্ধুদের সঙ্গে দেখা করে আড্ডা ও আনন্দে সময় কাটান।

শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version