
দৈনিক রিপোর্ট ডেস্ক:
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদদের স্মরণ, আহতদের প্রতি সম্মান জানানো, গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রকাশিত এক সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির বিস্তারিত জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ ও ২৯ জুলাই ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ এবং পৌর ইউনিটের নেতাকর্মীরা গণঅভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত করবেন। একই সঙ্গে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শ্রদ্ধা নিবেদন করা হবে।
এ ছাড়া কর্মসূচির অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ছাত্রদলের ভাষ্য অনুযায়ী, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের আত্মত্যাগকে স্মরণ, ঐতিহাসিক ঘটনাগুলোর স্মৃতি সংরক্ষণ, আন্দোলনে অংশগ্রহণকারীদের অবদানের স্বীকৃতি এবং গণতান্ত্রিক চেতনায় জাতীয় ঐক্যকে আরও সুসংহত করার উদ্দেশ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশনায় দেশব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।