রাজধানীর মিরপুরের রূপনগর থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় তাঁকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ককটেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

পুলিশ জানায়, রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে রূপনগর থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটান আশরাফুল। এরপর পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে ধাওয়া করে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আশরাফুল কুমিল্লার মুরাদনগর উপজেলার ছোট আলীর চর এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি রাজধানীর রূপনগরের সেকশন-৭-এর ঝিলপাড় বস্তিতে বসবাস করতেন। পেশায় তিনি একজন প্রাইভেটকার চালক।

ডিএমপির উপপুলিশ কমিশনার আকতার হোসেন জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল জানিয়েছেন, স্থানীয় জসীম নামের এক আওয়ামী লীগ নেতার পরামর্শে তিনি থানার সামনে ককটেল নিক্ষেপ করেন।

পুলিশের দাবি, আশরাফুল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন সদস্য। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version