রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ ঘোষণা দেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচন কর্মকর্তার দায়িত্বও পালন করছেন।

সকাল ১১টার দিকে নির্বাচন কমিশন ভবনের সিইসির সভাকক্ষে অলি আহমেদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। এ সময় ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

অলি আহমেদের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার পর অন্যটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

এদিকে নির্বাচন কমিশন রোববার দুপুরের দিকে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই করার কথা জানিয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেওয়ার জন্য যোগ্য।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version