শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
দেশের ছয়টি অঞ্চলে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নিবন্ধিত ওয়ান-স্টার পর্যায়ের ৩৬টি দল অংশ নিচ্ছে। শুরুতে টুর্নামেন্টটি নকআউট পদ্ধতিতে আয়োজন করা হলেও ভবিষ্যতে লিগ পদ্ধতিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে প্রতিটি দল ২ থেকে ৩টি ম্যাচ খেলার সুযোগ পেতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র বলেন, রংপুর থেকে শুরু হয়ে দেশের ছয়টি অঞ্চলে এই নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হলে রংপুর এই উদ্যোগের সূচনাস্থল হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
রংপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু অনুষ্ঠানে অংশ নেওয়া খেলোয়াড়, অতিথি ও আয়োজকদের শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, সাবেক জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ন ও রংপুরের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ কামরুন নাহার ডানা আয়োজক ও স্পনসরদের ধন্যবাদ জানিয়ে প্রতিযোগিতার সফলতা কামনা করেন। তিনি তরুণ খেলোয়াড়দের উৎসাহ দিয়ে বলেন, এই টুর্নামেন্ট থেকেই ভবিষ্যতের জাতীয় দলের খেলোয়াড় উঠে আসতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের তারকা ডিফেন্ডার ও সাবেক অধিনায়ক আফেইদা খন্দকার। তরুণ ফুটবলারদের উদ্দেশে তিনি মাঠে নিজেদের সেরাটা দেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোখছেদুল কামাল, রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ, প্রথম আলোর রংপুর প্রতিনিধি আলতাফ হোসেন এবং স্থানীয় ফুটবল কোচ শামীম খান মিসকিনসহ সংশ্লিষ্টরা।
জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও টুর্নামেন্টের পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর রংপুরের পুষ্করিণী এসসি ও পঞ্চগড়ের বোদা উপজেলার তুস্টার ফুটবল একাডেমির ম্যাচ দিয়ে টুর্নামেন্টের মাঠের লড়াই শুরু হয়।
আয়োজকদের প্রত্যাশা, এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের নারী ফুটবলারদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে এবং ভবিষ্যতে জাতীয় দলের জন্য নতুন প্রতিভা খুঁজে পাওয়া যাবে।

