ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী আরিফা জামান মৌসুমীর জন্মদিন আজ। বিশেষ এই দিনে স্ত্রীকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে মৌসুমীর একটি ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানান ওমর সানী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি…।’
স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি বাংলা চলচ্চিত্রে মৌসুমীর দীর্ঘদিনের অবদান ও জনপ্রিয়তার কথাও তুলে ধরেছেন এই অভিনেতা। তাঁর পোস্টটি ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
এর আগে আরেকটি ফেসবুক পোস্টেও স্ত্রীকে নিয়ে আবেগঘন শুভেচ্ছা জানান ওমর সানী। সেখানে তিনি মৌসুমীর সুস্বাস্থ্য, ভালো থাকা ও সম্মানময় জীবন কামনা করেন। পাশাপাশি তাঁকে নিজের পরিবারের ‘তাজ’ হিসেবে উল্লেখ করেন।
জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজনের কথাও জানিয়েছেন ওমর সানী। আগামী বুধবার (৪ নভেম্বর) ঢাকার সাভারের হেমায়েতপুরে চাপওয়ালা শ্বশুরবাড়ি রেস্টুরেন্টে ফাইজা ও মৌসুমীর জন্মদিন উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে তবারক বিতরণের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
৫৩ বছরে পা দিলেন মৌসুমী
১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনা শহরে জন্মগ্রহণ করেন অভিনেত্রী আরিফা জামান মৌসুমী। সে হিসাবে আজ ৫৩ বছরে পা দিয়েছেন তিনি।
১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। ছবিতে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর বিপরীতে অভিনয় করে প্রথম সিনেমাতেই দর্শকের মন জয় করেন মৌসুমী।
পরবর্তী সময়ে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। অভিনয়ের সূত্র ধরেই চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৯৯৬ সালের ২ আগস্ট বিয়ে করেন এই তারকা দম্পতি। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
দীর্ঘ অভিনয়জীবন ও জনপ্রিয়তার কারণে মৌসুমী এখনো ঢাকাই চলচ্চিত্রের দর্শকদের কাছে পরিচিত ও প্রিয় একটি নাম।
