মিরপুর (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে প্রশাসনের সংঘর্ষ হয়েছে। এ সময় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে সিটি করপোরেশনের দুটি গাড়ি ও পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১০ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এলাকায় লাঠি হাতে কয়েকজন হকারকে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চারপাশে অবস্থান নেয় এবং টিয়ারশেল নিক্ষেপ করে।

উচ্ছেদ অভিযানের সময় ফুটপাত এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। স্থানীয় সূত্রের দাবি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে সিটি করপোরেশনের দুটি ময়লার গাড়িতে আগুন দেন। এ সময় একটি ভেকু (খননযন্ত্র) ভাঙচুর এবং পুলিশের একটি গাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version