রাশিয়ার ভেতরে চলতি বছরের অন্যতম বড় আকাশপথে হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ সামরিক বাহিনীর দাবি, এক রাতেই ৮০০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন শনাক্ত ও ভূপাতিত করা হয়েছে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, ২০২৬ সালের শুরু থেকে এটি ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা। এই হামলায় দেশটিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে। মস্কো অঞ্চলের বিভিন্ন এলাকাতেও ব্যাপক সংখ্যক ড্রোন পাঠানো হয়।
সাম্প্রতিক সময়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে ইউক্রেন হামলার মাত্রা বাড়িয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে জ্বালানি শোধনাগার, সামরিক গুদাম ও বিভিন্ন শিল্পকারখানা।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানিয়েছেন, মস্কোর আকাশসীমায় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট ১৮৭টি ড্রোন ধ্বংস ও নিষ্ক্রিয় করেছে।
জিওলোকেটেড ভিডিওতে মস্কো অঞ্চলে রাশিয়ার অন্যতম বড় ই-কমার্স প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি বিশাল গুদামে ড্রোন হামলার পর আগুন জ্বলতে দেখা গেছে। প্রতিষ্ঠানটির গুদামগুলোতে সাম্প্রতিক মাসগুলোতেও একাধিকবার ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে ওয়াইল্ডবেরিজ পার্শ্ববর্তী কাজাখস্তানে নতুন গুদাম নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে।
গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ আরও জানিয়েছেন, মস্কো অঞ্চলে ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের অন্তত ১৭টি অঞ্চলের ওপর দিয়ে উড়ে যাওয়া ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে।
দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলেও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় গভর্নরের দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।
ইউক্রেনেও রুশ হামলা অব্যাহত
পাল্টা হিসেবে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রোববার ভোরে রুশ হামলায় কিয়েভে ছয়জন আহত হয়েছেন। এ ছাড়া মধ্যাঞ্চলের ক্রেমেনচুক ও ক্রিভি রিহ এবং উত্তরাঞ্চলের সুমি শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মোট তিনজন নিহত হয়েছেন।
ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাতে রাশিয়ার ছোড়া কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই তারা ধ্বংস করতে পারেনি। এতে দেশটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়তে থাকা চাপের বিষয়টি সামনে এসেছে।
জেলেনস্কি আরও জানিয়েছেন, গত এক সপ্তাহে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন এলাকায় ১ হাজার ৫৫০টির বেশি ড্রোন, ১ হাজার ৫৬০টি নির্দেশিত বোমা এবং ৬২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ সময় তিনি জরুরি সামরিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
রোমানিয়ার আকাশসীমায় ড্রোন, ভূপাতিত করল ন্যাটো
ইউক্রেনীয় সীমান্ত পেরিয়ে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি অজ্ঞাত ড্রোন রোববার ভূপাতিত করেছে ন্যাটো।
রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ন্যাটোর এয়ার পুলিশিং মিশনে থাকা স্পেনের একটি এফ-১৮ যুদ্ধবিমান ড্রোনটিকে শনাক্ত করে সেটি ধ্বংস করে।
মলদোভা সীমান্ত হয়ে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করা এই ড্রোনটি চলতি বছরে দেশটির আকাশসীমায় ভূপাতিত হওয়া চতুর্থ ড্রোন। এর আগে গত জুলাইয়েও কয়েকটি রুশ ড্রোন রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করলে ন্যাটোর এফ-১৬ যুদ্ধবিমান সেগুলো ভূপাতিত করেছিল।
রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
