ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ) থেকে ভুল করে এক পরিবারের নবজাতক অন্য পরিবারের কাছে দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি ধরা পড়ার পর রাতেই নবজাতকটিকে হাসপাতালে ফিরিয়ে আনা হয়। মঙ্গলবার সকালে দুই পরিবারকে তাদের নিজ নিজ সন্তান বুঝিয়ে দেওয়া হয়েছে।
হাসপাতাল ও পরিবারের সূত্রে জানা গেছে, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জগন্নাথবাড়ী এলাকার নাদিরা ও মাসুদ ইসলামের কন্যাসন্তান বৃহস্পতিবার জন্ম নেয়। জন্মের পর শারীরিক সমস্যা দেখা দিলে তাকে শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সোমবার বিকেল ৫টার দিকে শিশুটিকে ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
অন্যদিকে, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পুম্বাইল গ্রামের কৃষক দম্পতি আবু রায়হান ও নাদিরার কন্যাসন্তানও বৃহস্পতিবার জন্ম নেয়। ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের পর শারীরিক জটিলতা দেখা দিলে তাকেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকালে গৌরীপুরের শিশুটির মা এনআইসিইউতে গিয়ে সন্তানকে দুধ পান করান। পরে শিশুটিকে ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। তবে ভর্তির সময় দেওয়া টোকেন পেতে দেরি হওয়ায় পরিবারের সদস্যরা সন্ধ্যার দিকে শিশুটিকে নিতে যান।
এ সময় হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা ভুল করে সরিষাবাড়ীর পরিবারের নবজাতকটি তাদের হাতে তুলে দেন। শিশুটিকে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হলে আবু রায়হান জানান, এটি তাদের সন্তান নয়। পরে যাচাই-বাছাই করে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে, একই নামের দুই মায়ের সন্তান হওয়ায় ভুলক্রমে নবজাতক দুটির পরিচয় অদলবদল হয়ে গেছে।
এরই মধ্যে ভুল করে দেওয়া নবজাতক নিয়ে সরিষাবাড়ীর পরিবার হাসপাতাল থেকে চলে গিয়েছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করে। হাসপাতালের কর্মীরা রাত আনুমানিক ৩টার দিকে নবজাতকটিকে নিয়ে হাসপাতালে ফিরে আসেন।
মঙ্গলবার সকালে দুই পরিবারের পরিচয় যাচাই করে তাদের নিজ নিজ সন্তান বুঝিয়ে দেওয়া হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, দুই নবজাতকের মায়ের নাম একই হওয়ায় এ বিভ্রাটের সৃষ্টি হয়। বিষয়টি জানার পর রাতে নবজাতকটিকে হাসপাতালে ফিরিয়ে আনা হয় এবং সকালে প্রকৃত পরিবারের কাছে সন্তান হস্তান্তর করা হয়েছে। দায়িত্বে অবহেলার সঙ্গে জড়িতদের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
