ময়মনসিংহের গফরগাঁওয়ে এক নবম শ্রেণির শিক্ষার্থীর মাকে গণধর্ষণ এবং তার ছেলেকে জিম্মি করার অভিযোগের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা মামলার প্রধান আসামির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা গফরগাঁওয়ের শরীফ নামে মামলার প্রধান আসামির বাড়িতে গিয়ে টিনের বেড়া ও ঘরের চাল ভাঙচুর করেন। পরে খুলে নেওয়া টিন বাড়ির পাশে স্তূপ করে রাখা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা হলেন—শরীফ (২৩), তার ভাই আরিফ (২১), ফাহিম (২২), রাজিব (২৩) ও এনামুল (২২)। ঘটনার রাতেই অভিযান চালিয়ে রাজিবকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিরা পলাতক রয়েছেন।

মামলার এজাহার ও পুলিশের সূত্র অনুযায়ী, ভুক্তভোগী নারীর স্বামী প্রবাসে থাকেন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পানি ও কুড়াল চাওয়ার কথা বলে কয়েকজন ওই বাড়িতে যায়। ভুক্তভোগীর ছেলে পানি দিতে দরজা খুললে তাকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। এরপর ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে টাকা দাবি করেন।

ঘটনার পর আসামিদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে তাদের ঘরের প্রয়োজনীয় জিনিসপত্রও অন্যত্র সরিয়ে নেওয়া হয়। স্থানীয়রা রোববার ও সোমবার সন্ধ্যায় সভা করে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান শেখ বলেন, প্রধান আসামির বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পলাতক আসামিদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে স্থানীয়দের অনুরোধ করা হয়েছে। আইন নিজের হাতে না তুলে নিয়ে পুলিশকে সহায়তার আহ্বান জানান তিনি।

পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version