নিজস্ব প্রতিবেদক
ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ব্যবহার করে মার্কিন কূটনীতিক ও দূতাবাসের কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় দূতাবাস এ সতর্কতা জানায়। এতে অনলাইনে সন্দেহজনক বা প্রতারণামূলক যোগাযোগের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, কোনো মার্কিন দূতাবাসের কর্মকর্তা বা কর্মী অনলাইনে কারও কাছে অর্থ, উপহারের কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না। এর মধ্যে ব্যাংক হিসাবের তথ্য, কার্ড নম্বরসহ বিভিন্ন আর্থিক তথ্য রয়েছে।
প্রতারণা থেকে বাঁচতে দুটি বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস।
প্রথমত, সাড়া দেবেন না। কেউ নিজেকে মার্কিন কূটনীতিক পরিচয় দিয়ে অর্থ বা ব্যক্তিগত তথ্য চাইলে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
দ্বিতীয়ত, অর্থ পাঠাবেন না। কোনো প্রলোভন বা অনুরোধের ভিত্তিতে আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে দূতাবাস।
ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারকরা যেন সাধারণ মানুষকে ফাঁদে ফেলতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মার্কিন দূতাবাস।
