চাঁদপুরের কচুয়া উপজেলার দুই বন্ধু ফিরোজ আহমেদ (২৩) ও মাহি পাটোয়ারী (২৪) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বিদেশ যাওয়ার প্রস্তুতির আগে তাঁরা সাজেক ও কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে মঙ্গলবার সকালে কক্সবাজারে দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়।

নিহত মাহি পাটোয়ারী কচুয়ার রহিমানগর বাজারসংলগ্ন সাহারপাড় গ্রামের মিজানুর রহমান পাটোয়ারীর ছেলে। ফিরোজ আহমেদ একই গ্রামের মনির হোসাইনের ছেলে। ছোটবেলা থেকেই তাঁরা একসঙ্গে বেড়ে উঠেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুই বন্ধু মোটরসাইকেলে করে সাজেক ও কক্সবাজারে বেড়াতে যান। ভ্রমণ শেষে মঙ্গলবার ভোরে তাঁরা কক্সবাজার থেকে কচুয়ার উদ্দেশে রওনা দেন। পথে সড়ক দুর্ঘটনায় দুজনই নিহত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাহি ছিলেন চার ভাই-বোনের মধ্যে ছোট। প্রায় দুই মাস পর তাঁর ইতালি যাওয়ার কথা ছিল। অন্যদিকে পাঁচ ভাই-বোনের মধ্যে দ্বিতীয় ফিরোজের আগামী ৩০ সেপ্টেম্বর কাতার যাওয়ার কথা ছিল।

দুই বন্ধুর মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁদের মরদেহ বুধবার রহিমানগর বিএবি উচ্চবিদ্যালয় মাঠে একসঙ্গে জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাহির বাবা মিজানুর রহমান পাটোয়ারী বলেন, ছোটবেলা থেকে তাঁর ছেলে ও ফিরোজ একসঙ্গে বড় হয়েছেন। শেষ পর্যন্ত তাঁদের মৃত্যুও হলো একসঙ্গেই।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version