image 317349 1786360077

স্পোর্টস ডেস্ক | দৈনিক রিপোর্ট

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়েছে রোজারিওর এল প্রাদো কবরস্থানে। পরিবারের ইচ্ছা ছিল অনুষ্ঠানটি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে সম্পন্ন করার। তবে শেষ মুহূর্তে ড্রোনের মাধ্যমে ছবি ধারণের অভিযোগ উঠেছে কয়েকটি টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে। এ ঘটনায় সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে মেসি পরিবারের আইনজীবীরা।

৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন হোর্হে মেসি। পরে রোজারিওর পেরেস এলাকার রুট–৩৩ সংলগ্ন এল প্রাদো কবরস্থানে পারিবারিক আয়োজনে তাঁর দাফন সম্পন্ন হয়। বাবার শেষ বিদায়ে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে বিশেষ বিমানে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে নিয়ে রোজারিও পৌঁছান লিওনেল মেসি। অনুষ্ঠানে পরিবারের ঘনিষ্ঠ সদস্যরাও উপস্থিত ছিলেন।

পরিবারের গোপনীয়তা নিশ্চিত করতে কবরস্থানজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। সাধারণ মানুষের প্রবেশ সীমিত করা হয় এবং অনুমোদিত যানবাহন ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তবুও কবরস্থানের আকাশে একাধিক ড্রোন উড়তে দেখা যায়।

অভিযোগ রয়েছে, বুয়েনস আইরেসভিত্তিক কয়েকটি টেলিভিশন চ্যানেল ড্রোন ব্যবহার করে শোকাহত পরিবারের ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই ব্যক্তিগত শোকের মুহূর্তে এমনভাবে ছবি ধারণের প্রচেষ্টাকে সংবাদমাধ্যমের নৈতিকতার পরিপন্থী বলে মন্তব্য করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সান্তা ফে প্রাদেশিক পুলিশ জরুরি ভিত্তিতে কবরস্থান এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করে। শেষকৃত্য শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল।

ঘটনার পর মেসির আইনি প্রতিনিধিরা বিষয়টি পর্যালোচনা শুরু করেছেন। পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

এর আগে মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, হোর্হে মেসির শেষ বিদায় সম্পূর্ণ ব্যক্তিগত পরিসরে অনুষ্ঠিত হবে এবং কোনো প্রকাশ্য শোকসভা রাখা হবে না।

তবে কবরস্থানের বাইরে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক সমর্থক দূর-দূরান্ত থেকে এসে মেসি পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁদের হাতে ছিল বিভিন্ন ব্যানার ও পোস্টার, যেখানে লেখা ছিল—“মেসি, শক্ত থাকুন”। কঠিন এই সময়ে আর্জেন্টাইনদের এমন ভালোবাসা ও সমর্থন মেসি পরিবারের প্রতি সহমর্মিতারই বহিঃপ্রকাশ হয়ে ওঠে।

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version