নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ

ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় মোহাম্মদ রাব্বি নামে এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনায় আবদুল খালেক (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। বৃহস্পতিবার রাতে নগরের রঘুরামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বেলা ১১টার দিকে র‍্যাব-১৪ ময়মনসিংহের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান।

সংবাদ সম্মেলন শেষে ছবি তোলার সময় সাংবাদিকদের উদ্দেশে বিভিন্ন কথা বলেন গ্রেপ্তার আবদুল খালেক। এ সময় তিনি দাবি করেন, তাঁর বাবাকে কুপিয়ে আহত করার প্রতিশোধ নিতেই রাব্বিকে হত্যা করা হয়েছে।

খালেক বলেন, “আমার বাপেরে ওরা ১৫ জনে কোপাইছে, আর আমরা দুই ভাই ওরে কোপাইছি।”

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল খালেক হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁর দাবি অনুযায়ী, পূর্বশত্রুতা ও তাঁর বাবাকে কুপিয়ে আহত করার ঘটনার প্রতিশোধ নিতে তিনি ও তাঁর ছোট ভাই পরিকল্পিতভাবে রাব্বির ওপর হামলা চালান।

তবে হত্যাকাণ্ডের সঙ্গে আরও কারা জড়িত এবং ঘটনার বিস্তারিত কারণ জানতে গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version