বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ছয় কোটি টাকা মূল্যের দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় দুই রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

শনিবার রাতে ও পরবর্তী পৃথক অভিযানে ঘুমধুম ইউনিয়নের জামালের ঘের ও বাইশফাঁড়ী সীমান্ত এলাকায় এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি।

অভিযানে আটক দুই রোহিঙ্গা

আটক ব্যক্তিরা হলেন, উখিয়ার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইসলাম (২৫) ও মোহাম্মদ মোজিবুল্লাহ (২৩)।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, মিয়ানমার থেকে মাদকের চালান পাচারের খবর পেয়ে জামালের ঘের সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় মিয়ানমারের দিক থেকে পোঁটলা হাতে আসা দুই ব্যক্তিকে সন্দেহ হলে বিজিবি সদস্যরা থামার নির্দেশ দেন। তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের সঙ্গে থাকা পোঁটলা থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।

সীমান্তে পরিত্যক্ত অবস্থায় আরও ১ লাখ ৯০ হাজার ইয়াবা

একই উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী সীমান্ত এলাকায় আরেকটি অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তিন থেকে চারজন সন্দেহভাজন পালিয়ে যায়। তারা সঙ্গে থাকা একটি বস্তা ফেলে রেখে যায়।

পরে বস্তাটি তল্লাশি করে আরও ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ৫ কোটি ৭০ লাখ টাকা।

বিজিবির তথ্য অনুযায়ী, পৃথক দুই অভিযানে মোট দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ছয় কোটি টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version