বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে ইতালি সরকার। আগামী মাসে এ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে আগ্রহীদের ইতালীয় ভাষা, দেশটির সংস্কৃতি, সামাজিক রীতিনীতি এবং সংশ্লিষ্ট কাজের প্রয়োজনীয় কারিগরি দক্ষতা শেখানো হবে। প্রশিক্ষণ শেষে তাঁদের ইতালিতে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।
দক্ষ কর্মী নিতে বিশেষ প্রশিক্ষণ
বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তি পাঠানো এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির ভিসাপ্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়।
ইতালির রাষ্ট্রদূত জানান, প্রস্তাবিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ইতালীয় ভাষার পাশাপাশি দেশটির সংস্কৃতি, সামাজিক আচরণবিধি এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবহারিক ও কারিগরি দক্ষতা শেখানো হবে। এর মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়া এবং তাঁদের ইতালির শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশ সরকারের তৃতীয় ভাষা শিক্ষার প্রসার ও দক্ষ জনশক্তি রপ্তানির পরিকল্পনার সঙ্গে এ উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ বলেও বৈঠকে আলোচনা হয়।
বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা সহজ করার আলোচনা
বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ইতালির ভিসার সংখ্যা বৃদ্ধি এবং আবেদনপ্রক্রিয়া সহজ করার বিষয়টিও গুরুত্ব পায়। একই সঙ্গে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক জোরদারের ওপর জোর দেওয়া হয়।
বৈঠকে উল্লেখ করা হয়, বর্তমানে প্রায় আড়াই লাখ বাংলাদেশি ইতালিতে বসবাস করছেন। তাঁদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ অবস্থায় অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিত করে বৈধ পথে কর্মী যাওয়ার সুযোগ বাড়ানোর বিষয়ে দুই পক্ষ আলোচনা করে।
ইতালির উদ্যোগকে স্বাগত বাংলাদেশের
ইতালির প্রস্তাবিত প্রশিক্ষণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে মাহদী আমিন বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানো এবং তরুণদের তৃতীয় ভাষা শেখার সুযোগ তৈরি করা প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম অগ্রাধিকার।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশ ও ইতালির অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে।
বৈঠকে ইতালির দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জাম্পারেলিও উপস্থিত ছিলেন।
