
দৈনিক রিপোর্ট ডেস্ক:
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কার্যক্রমকে উৎসাহিত করতে ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। বৃহস্পতিবার দুপুরে শহরতলীর এম এ আজিজ হাইস্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি বর্ষা মৌসুমে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়। পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার গুরুত্বও তুলে ধরেন অতিথিরা।
ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার ব্যবস্থাপক মো. আনিচুর রহমান, সিনিয়র অফিসার মো. শফিকুল ইসলাম, এম এ আজিজ হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবর রহমান, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. হারুনার রশিদ, এম এ আজিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ ইসমতে জাহানসহ দুই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আনিচুর রহমান বলেন, শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পরিচালনা করে আসছে। পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।