নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জের আরশিনগরে পূর্বশত্রুতার জেরে ফরহাদ হোসেনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ৩ নম্বর আসামি সবুজ হোসেন আরমানকে গ্রেপ্তার করেছে এসআরবি।
গত ১৫ সেপ্টেম্বর আরশিনগর এলাকায় কুপিয়ে ফরহাদ হোসেনকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা পাঁচজনের নাম উল্লেখ করে কেরানীগঞ্জ থানায় মামলা করেন।
ঘটনার ১৪ দিন পর মামলার ৩ নম্বর আসামি সবুজ হোসেন আরমানকে রাজধানীর বুদ্ধিজীবী ১ নম্বর রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়েছে।
এসআরবি-২-এর অধিনায়ক নয়মুল হাসান জানান, গ্রেপ্তার আরমান ‘সাব্বির-আরমান-শাহরুখ’ গ্রুপের অন্যতম প্রধান সদস্য। তাঁর দাবি, গত এক বছরে আরমান চারটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
তিনি আরও জানান, ফরহাদ হত্যাকাণ্ডের মামলায় বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
