আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে প্রেমিক শিবা শর্মার রহস্যজনক মৃত্যুর ঘটনায় নিজের বক্তব্য জানিয়েছেন ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা দুবে। তাঁর দাবি, ২৮ বছর বয়সী ক্যাফে ব্যবসায়ী শিবা আত্মহত্যা করেছেন, তাঁকে হত্যা করা হয়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
গত শুক্রবার লখনৌতে শ্রদ্ধার ফ্ল্যাটের চতুর্থ তলা থেকে পড়ে শিবার মৃত্যু হয়। ঘটনার পর শ্রদ্ধা ও তাঁর বোন রেশমি পলাতক রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি এক মিনিটের বেশি সময়ের একটি ভিডিও বার্তায় শ্রদ্ধা নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, শিবার মৃত্যুর ঘটনায় তাঁকে যেন অযথা জড়ানো না হয়। একই সঙ্গে পুলিশের সঙ্গে সহযোগিতা করে নিজের বক্তব্য জানাতে প্রস্তুত বলেও দাবি করেন তিনি।
ভিডিওতে শ্রদ্ধা বলেন, ‘আমি কী অন্যায় করেছি? আমি তো কিছুই করিনি। শিবা শর্মা মামলা সম্পর্কে স্পষ্ট করে বলতে চাই, এটি কোনো হত্যা নয়—এটি আত্মহত্যা ছিল।’
তিনি আরও বলেন, তিনি শারীরিকভাবে ভালো নেই। এ ঘটনায় কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা রাজনীতিকের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে—এমন দাবি না করতেও অনুরোধ জানান তিনি। পুলিশের কাছে পুরো ঘটনা তুলে ধরতে চান বলেও ভিডিওতে উল্লেখ করেন শ্রদ্ধা।
নিহতের পরিবারের অভিযোগ
শিবার মায়ের অভিযোগ, শ্রদ্ধা তাঁর ছেলেকে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়া এবং সম্মানহানির হুমকি দিতেন। তাঁদের সম্পর্কের সময় শিবা শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও দাবি করেছেন তিনি।
এ ঘটনায় শ্রদ্ধা ও তাঁর বোন রেশমি ছাড়াও গাড়িচালক দানিষ এবং আদিল নামের এক সহযোগীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
সন্ধানদাতাকে পুরস্কার ঘোষণা
শ্রদ্ধা দুবে ও তাঁর বোনের সন্ধান দিতে পারলে প্রত্যেকের জন্য ২৫ হাজার রুপি করে পুরস্কার ঘোষণা করেছে লখনৌ পুলিশ।
শিবার মৃত্যুর ঘটনায় ওঠা অভিযোগ, শ্রদ্ধার বক্তব্য এবং সংশ্লিষ্ট অন্যদের ভূমিকা তদন্ত করে দেখছে পুলিশ। এখন পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে শ্রদ্ধার দাবি ও নিহতের পরিবারের অভিযোগের সত্যতা স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হয়নি।
