
দৈনিক রিপোর্ট ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রস্তুতি ও নিরাপত্তা কার্যক্রম পর্যালোচনা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শনিবার তিনি ফটিকছড়ি ও হাটহাজারীর কয়েকটি নির্ধারিত ভেন্যু ঘুরে দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
জেলা প্রশাসন জানিয়েছে, সফরের অন্যতম উদ্দেশ্য হলো সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পুনর্বাসন সহায়তা ও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া। নির্ধারিত সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী প্রথমে বাঁশখালী সফর করবেন। এরপর হেলিকপ্টারে ফটিকছড়ি এবং পরে সড়কপথে হাটহাজারী হয়ে চট্টগ্রাম নগরে পৌঁছানোর কথা রয়েছে।
পরিদর্শনের শুরুতে জেলা প্রশাসক ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে নির্মিত হেলিপ্যাড এবং আশপাশের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন।
পরে হাটহাজারী সরকারি কলেজসংলগ্ন মাঠে গিয়ে তিনি অনুষ্ঠানস্থলের সার্বিক অবস্থা পর্যালোচনা করেন। এখানে প্রধানমন্ত্রী বন্যাদুর্গত পরিবারগুলোর মধ্যে আর্থিক সহায়তা, খাদ্যসামগ্রী এবং পুনর্বাসন সহায়তা বিতরণ করবেন। পাশাপাশি বাঁশখালী ও হাটহাজারীতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তরেরও পরিকল্পনা রয়েছে।
সফরসূচির অংশ হিসেবে হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোও পরিদর্শন করেন জেলা প্রশাসক। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সেখানে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করবেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর সফরের জন্য নির্ধারিত সব ভেন্যুর প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। বর্তমানে শেষ পর্যায়ের কাজ এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সফরকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে পুলিশ, র্যাব, বিজিবি, বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।