নিজস্ব প্রতিবেদক

নারী যাত্রীদের জন্য চালু হওয়া ‘পিংক বাস’ সেবায় অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ জন্য আগ্রহী নারীদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে প্রাথমিক ড্রাইভিং পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিআরটিসির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, গাজীপুরের জয়দেবপুরে সংস্থাটির কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে আগামী ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রাথমিক ড্রাইভিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদনকারীদের বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৩৫ বছরের মধ্যে। উচ্চতা কমপক্ষে ৫ ফুট হতে হবে। প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্ব সনদ অথবা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।

এ ছাড়া আবেদনকারীর ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। অথবা বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স ভারী যানবাহনের লাইসেন্সে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে হবে।

প্রার্থীদের পরীক্ষায় অংশ নিতে বিআরটিসির কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউটে স্বশরীরে উপস্থিত হয়ে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সঙ্গে আনতে হবে।

নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত বা দৈনিক ভাতা দেওয়া হবে না।

নির্বাচিতদের বিনামূল্যে ভারী যানবাহন প্রশিক্ষণ

প্রাথমিক পরীক্ষায় নির্বাচিত নারী প্রার্থীদের সাত দিন থেকে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত বিনামূল্যে ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালে তাঁদের থাকা ও খাওয়ার খরচও বিআরটিসি বহন করবে।

প্রশিক্ষণ শেষে সড়কে চালনার দক্ষতা যাচাইয়ের জন্য রোড পারফরম্যান্স টেস্ট নেওয়া হবে। এতে উত্তীর্ণদের বিআরটিসির প্রচলিত প্রশাসনিক ও আর্থিক বিধি অনুযায়ী দৈনিক মজুরিভিত্তিতে চালক হিসেবে নিয়োগ দেওয়া হবে।

তবে চূড়ান্ত নিয়োগ না হওয়া পর্যন্ত কোনো আর্থিক সুবিধা দেওয়া হবে না বলে জানিয়েছে বিআরটিসি।

ভবিষ্যতে বিআরটিসিতে স্থায়ী চালক নিয়োগের ক্ষেত্রে এসব প্রার্থী অগ্রাধিকার পেতে পারেন। তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের নির্ধারিত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version