নিজস্ব প্রতিবেদক | পাবনা
পাবনার আটঘরিয়া উপজেলায় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একদন্ত ইউনিয়নের চণ্ডীপাশা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মো. আদম আলী (৫৫)। তিনি একদন্ত ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সেলিম হোসেন তাঁর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হোসেন জানান, বিকেল ৪টার দিকে চণ্ডীপাশা সড়কে আদম আলীকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি বলেন, হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি বিভিন্ন দিক থেকে তদন্ত করে দেখা হচ্ছে।
তবে বিএনপি নেতা সেলিম হোসেনের দাবি, ব্যক্তিগত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তাঁর ভাষ্য, এর আগে আদম আলীর ছেলের ওপর হামলা হয়েছিল। তবে ঘটনাটি রাজনৈতিক বিরোধের কারণে হয়েছে বলে তাঁরা মনে করছেন না।
পুলিশ জানিয়েছে, নিহত আদম আলীর বিরুদ্ধে একাধিক মামলা ছিল। এর মধ্যে দুটি হত্যা মামলাও রয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
