ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। বিভিন্ন সময় নিজের ব্যক্তিগত অনুভূতি ও মতামত ভক্তদের সঙ্গে শেয়ার করেন এই অভিনেত্রী। এবার নিজের সাক্ষাৎকার ও পডকাস্ট নিয়ে মজার এক অভিজ্ঞতার কথা জানালেন তিনি।
সম্প্রতি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শবনম ফারিয়া জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সাক্ষাৎকার বা ভিডিও সামনে এলে তিনি অস্বস্তি বোধ করেন। এমনকি নিজের সাক্ষাৎকার চোখে পড়লে সেটি এড়িয়ে যেতেও পছন্দ করেন।
ফেসবুক পোস্টে অভিনেত্রী লেখেন, ‘বিভিন্ন পেজ থেকে আমার নিজের ইন্টারভিউ আমার হোম পেইজে আসলে এত ক্রিঞ্জ লাগে! নট ইন্টারেস্টেড দিয়ে হাইড করে দেই!’
নিজের এমন অনুভূতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফারিয়া আরও লেখেন, ‘আমারই এমন লাগে, অন্যদের জানি কেমন লাগে। বিশ্বাস করেন এজন্য আমি কোনো পডকাস্টে যাই না, একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে।’
অভিনেত্রীর এমন অকপট স্বীকারোক্তি নিয়ে ভক্তদের মধ্যে বেশ আলোচনা তৈরি হয়েছে। পোস্টের মন্তব্যঘরে অনেকেই তার সঙ্গে মজার ছলে কথোপকথনে অংশ নিয়েছেন। কেউ কেউ জানিয়েছেন, শবনম ফারিয়ার সাক্ষাৎকার ও কথা শুনতে তাদের বেশ ভালো লাগে।
এক ভক্ত মন্তব্যে লিখেছেন, ‘কী বলেন, আমার তো আপনার কথা শুনতে ভালোই লাগে।’ আরেকজন লিখেছেন, ‘আপনার কথাগুলো সুন্দর, ভালো লাগে।’
উল্লেখ্য, বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন শবনম ফারিয়া। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ২০১৮ সালে ‘দেবী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার।
‘দেবী’ সিনেমায় অভিনয়ের জন্য বাচসাস পুরস্কার ও মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন এই অভিনেত্রী। এ ছাড়া ‘মুন্সিগিরি’ ও ‘মোবারকনামা’র মতো ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।
