প্রতিনিধি | পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। হামলায় তাঁর ডান পায়ের গোড়ালি ভেঙে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি হলেন শাহ আলম মোল্লা (৬৭)। তিনি বালিয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। হামলার পর তাঁকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহ আলমের পরিবারের অভিযোগ, বিএনপির কয়েকজন কর্মী তাঁকে প্রথমে মারধর করেন। পরে গাছের গুঁড়ি দিয়ে আঘাত করে তাঁর ডান পায়ের গোড়ালি ভেঙে দেওয়া হয়। এ সময় তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানেও আঘাত লাগে।

শাহ আলমের পুত্রবধূ রুনা বেগমের দাবি, বাড়িতে পারিবারিক একটি দোয়া অনুষ্ঠানের আয়োজন থাকায় শাহ আলম কেনাকাটা করতে চৌরাস্তা বাজারে গিয়েছিলেন। সেখানেই কয়েকজন তাঁকে মারধর করেন। হামলাকারীদের মধ্যে বিএনপির কর্মী রুম্মান, তৌহিদ ও দীন ইসলামের নাম উল্লেখ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় তাঁর কোনো লোক জড়িত নয় এবং কারা হামলা করেছে, সে বিষয়ে তিনি জানেন না। তাঁর দাবি, রাজনৈতিকভাবে তাঁকে হেয় করতেই শাহ আলমের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পলি সাহা জানান, শাহ আলমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তবে ডান পায়ের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আহত ব্যক্তিকে দেখতে পুলিশ পাঠানো হয়েছিল। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version