নিজস্ব প্রতিবেদক

মার্কিন নৌ অবরোধের মধ্যেও চলতি অর্থবছরের প্রথম চার মাসে জ্বালানি তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় করেছে ইরান। এ অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা করা হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স।

শনিবার (২৯ আগস্ট) ফার্স জানায়, মার্চ থেকে জুলাই পর্যন্ত তেল বিক্রি থেকে পাওয়া এই অর্থ দিয়ে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারের বৈদেশিক মুদ্রায় করা ব্যয় মেটানো সম্ভব হবে।

ইরানের জ্বালানি তেল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নৌ অবরোধ ও সমুদ্রপথে বাণিজ্য বাধাগ্রস্ত হলেও তেল বিক্রির মাধ্যমে বাজেটের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়েছে দেশটি।

হরমুজ ঘিরে উত্তেজনা

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হরমুজ প্রণালি। বিশ্বের মোট জ্বালানি তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে হয়ে থাকে।

যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রণালিটি উন্মুক্ত করে আন্তর্জাতিক নৌযান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়ে আসছে।

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন পূর্বের সমঝোতার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ পুরোপুরি উন্মুক্ত করা হবে না। এসব প্রতিশ্রুতির মধ্যে রয়েছে নৌ অবরোধ প্রত্যাহার, বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ ছাড় এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার।

নিষেধাজ্ঞার প্রভাব স্বীকার ইরানের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। যুদ্ধকালীন পরিস্থিতির কারণে অর্থনীতি পরিচালনায় দেশটি কঠিন সময় পার করছে বলেও তিনি মন্তব্য করেন।

তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামেদিয়ানও নৌ অবরোধের কারণে ইরান নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হয়েছে বলে জানিয়েছেন।

তবে এসব সংকটের মধ্যেও তেল বিক্রি থেকে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় করে অর্থনীতিতে প্রয়োজনীয় অর্থের জোগান নিশ্চিত করার চেষ্টা করছে ইরান।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version