কূটনৈতিক প্রতিবেদক
ঢাকা

নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে ফোনে কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় তিনি নেপালের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ এবং প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তার আশ্বাস দেন।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ফোনালাপে খলিলুর রহমান বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান। তিনি নেপালের সাম্প্রতিক পরিস্থিতিকে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও নেপালের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন। খলিলুর রহমান ফোনালাপে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত শোকবার্তাও পৌঁছে দেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, কোনো বাংলাদেশি নাগরিক ওই দুর্যোগে আহত বা ক্ষতিগ্রস্ত হলে নেপাল সরকার যেন বাংলাদেশকে অবহিত করে। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিক হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

জবাবে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সংহতি ও সহায়তার আশ্বাসের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো দুর্যোগের সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ করছে। পরিস্থিতি পর্যালোচনা শেষে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে বাংলাদেশকে জানানো হবে।

নেপাল ও তিব্বত সীমান্তবর্তী এলাকায় বুধবার আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এ ঘটনায় বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালের প্রয়োজন অনুযায়ী উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তায় সহযোগিতা করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version