নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান ফটক (ডেইরি গেট) তালাবদ্ধ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনটি মোটরসাইকেলে করে আসা ৮ থেকে ১০ জনের একটি দল এ ঘটনা ঘটায়। তারা ফটকে তালা ঝুলিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিরাপত্তাকর্মীদের গুলির হুমকির অভিযোগ

প্রক্টর অধ্যাপক ড. আবদুল হালিম জানান, গভীর রাতে তিনটি মোটরসাইকেলে করে ৮ থেকে ১০ জন এসে হঠাৎ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। এ সময় তারা নিরাপত্তাকর্মীদের গুলি করার হুমকি দেয়।

তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশকে বিষয়টি জানানো হয়। তখন পুলিশ টহলে ছিল। পুলিশ ডেইরি গেট থেকে প্রধান ফটক হয়ে প্রান্তিক গেটের দিকে যাওয়ার পথে মাত্র এক মিনিটের মধ্যে ওই ব্যক্তিরা তালা লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

নিরাপত্তা জোরদারে প্রশাসনের উদ্যোগ

প্রক্টর জানান, ঘটনার পরপরই সাভার থানা, সাভার সার্কেল, আশুলিয়া থানা পুলিশ, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পুলিশ মোতায়েন এবং পুলিশের টহল জোরদার করার অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version