নিজস্ব প্রতিবেদক
নিখোঁজ ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের ৭৪ জনকে চাকরির নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে আয়োজিত এক অনুষ্ঠানে নিয়োগপত্রগুলো দেওয়া হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিউর রহমান রুমন এ তথ্য জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে ১০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেন। বাকি নিয়োগপ্রাপ্তদেরও আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র দেওয়া হয়।
যারা নিয়োগপত্র পেয়েছেন
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নিখোঁজ ইফতেখার আহমেদ দীনরের ভাই ইশফাক আহমেদ, নুরুজ্জামান জনির ভাই মুনিরুজ্জামান হীরা, আনোয়ার হোসেন মাহবুবের ভাই আনান হোসেন নূর, সেলিম রেজা পিন্টুর ভাই হাসনাইন রেজা এবং নিহত খালেদ হোসেন সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত ও দৃষ্টিপ্রতিবন্ধী যোদ্ধা আলাল আহমেদ, শহীদ আলভীর বাবা মো. আবুল হোসেন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন, আহত যোদ্ধা কাজী সায়মুম সিরাজ এবং ইসরাফিল ইসলামের ভাই মাহবুব আলমও নিয়োগপত্র পেয়েছেন।
নিয়োগপত্র পাওয়ার পর ইশফাক আহমেদ, শাম্মী সুলতানা, আলাল আহমেদ, মো. আবুল হোসেন, জারতাজ পারভীন ও কাজী সায়মুম সিরাজ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
একই সঙ্গে নিখোঁজ ও হত্যার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলীসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিউর রহমান রুমন।
