নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে মো. সজিব (৩০) নামে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে গোদনাইল খালপাড় এলাকায় একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সজিব গোদনাইল নয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি একটি তেলবাহী ট্যাংকারের চালকের সহকারী হিসেবে কাজ করতেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, কয়েকজন ব্যক্তি প্রথমে সজিবকে মারধর করেন। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত দেড়টার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সজিবের সঙ্গে কয়েকজনের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নামও প্রাথমিকভাবে জানা গেছে বলে জানিয়েছেন ওসি।
ওসি বলেন, হত্যার কারণ ও ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি।
