মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকায় রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মুহাম্মদ রবিউল আউয়ালের আদালত এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ নভেম্বর ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে রেজাউল করিম নাঈমের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৮ নভেম্বর নাঈমের মৃত্যু হয়।

এ ঘটনায় নাঈমের বাবা মো. চেরাগ মিয়া ৯ নভেম্বর মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।

দীর্ঘ শুনানি শেষে বুধবার আদালত মামলার রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন—চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার মৃত মো. ইদ্রিস মিয়ার ছেলে মো. নুরুল ইসলাম, আব্দুল আজিজের ছেলে মো. সাইমন ইসলাম, নুরুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম রনি এবং আব্দুল কাদিরের ছেলে আনোয়ার হোসেন। তাদের মধ্যে নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, এ রায়ে তারা সন্তুষ্ট। তিনি আশা প্রকাশ করেন, উচ্চ আদালতও সাজা বহাল রাখবেন।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version