শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের খেলাধুলাকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এর আগে বিকেল ৩টা ৪৫ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। স্টেডিয়ামে প্রবেশের পর তিনি মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোর ও উদীয়মান ক্রীড়াবিদদের অভিবাদনের জবাব দেন। এ সময় তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন তিনি।
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত শিক্ষার্থী ও ক্রীড়াবিদরা। তাদের হাত নেড়ে শুভেচ্ছা জানানো এবং প্রধানমন্ত্রীর অভিবাদনের জবাবে স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
১৬ লাখের বেশি শিশু-কিশোরের নিবন্ধন
আয়োজকদের তথ্য অনুযায়ী, নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে দেশব্যাপী প্রায় ১৬ লাখ ২৩ হাজার শিশু-কিশোর নিবন্ধন করেছে। দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ প্রতিভা অন্বেষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করা হবে।
ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম করার উদ্যোগ
নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির মূল লক্ষ্য শিশু-কিশোরদের মধ্যে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা শনাক্ত করা এবং তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে নেওয়া এ উদ্যোগে খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং পেশা ও জীবিকা হিসেবে প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও নতুন ক্রীড়া প্রতিভা উঠে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

