দৈনিক রিপোর্ট ডেস্ক:
মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ বিক্রি করা হচ্ছে—এমন প্রচারণাকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, এ ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যাচাই করা তথ্য প্রকাশের বিষয়ে সতর্ক থাকতে হবে।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নগদের ২০২৫–২৬ অর্থবছরের মুনাফা থেকে সংগৃহীত রাজস্বের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাজারে প্রতিযোগিতা বজায় রাখতে এবং রাষ্ট্রীয় সেবাকে আরও কার্যকর করতে নগদের সরকারি ব্যবস্থাপনা বহাল থাকবে। একই সঙ্গে ডাক বিভাগকে আরও আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের কাজও চলমান রয়েছে।
তিনি আরও বলেন, ডিজিটাল আর্থিক সেবা সাধারণ মানুষের কাছে সহজ, নিরাপদ ও সাশ্রয়ীভাবে পৌঁছে দিতে নগদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডাক বিভাগের আধুনিকায়ন, নগদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রতি মানুষের আস্থা আরও বাড়ানো সম্ভব।
অনুষ্ঠানে ২০২৫–২৬ অর্থবছরের মুনাফা থেকে ১৮ কোটি ৫৭ লাখ টাকার রাজস্বের চেক ডাক অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অগ্রগতি অর্জন করেছে এবং নগদের মুনাফা সেই সফলতার একটি ইতিবাচক দৃষ্টান্ত। তিনি আরও উল্লেখ করেন, চলতি অর্থবছরে নগদের কর ও রাজস্ব পরিশোধ রাষ্ট্রের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
ফকির মাহবুব আনাম বলেন, সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে নগদের প্রতি মানুষের আস্থা রয়েছে। আধুনিক প্রযুক্তি, উন্নত গ্রাহকসেবা এবং নতুন উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও প্রতিযোগিতামূলক করা সম্ভব। পাশাপাশি দেশের ৯ হাজারের বেশি ডাকঘরকে আধুনিক সেবাকেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজে ডিজিটাল ও আর্থিক সেবা পান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, রাষ্ট্রের উন্নয়ন ও নাগরিকসেবা নিশ্চিত করতে রাজস্ব বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, ডাক বিভাগ ও নগদের অংশীদারত্বের ফলে সরকারের আয়, ডাক বিভাগের রাজস্ব এবং জনগণের আস্থা—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন এসেছে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রযুক্তিনির্ভর সেবা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। এছাড়া ডাক অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) কাজী আসাদুল ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, নগদের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
