BTEB 11

দৈনিক রিপোর্ট ডেস্ক:

দীর্ঘ সময় ধরে নতুন শিক্ষার্থী ভর্তি না হওয়ায় দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি)। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড গত ২৩ জুলাই এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে। আদেশে এসএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমের ৪৪৩টি এবং দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ১৭৮টি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বোর্ডের আদেশে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ২০২৬–২৭ শিক্ষাবর্ষ থেকে এসব প্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কেন তাদের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা আহ্বান করা হয়েছে।

এর আগে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে বোর্ডের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান জবাব দিলেও তালিকাভুক্ত ৬২১টি প্রতিষ্ঠান কোনো লিখিত ব্যাখ্যা জমা দেয়নি।

এ অবস্থায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী সাত কর্মদিবসের মধ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, ‘বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২৪’ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি, ফলাফল, অবকাঠামো, শিক্ষক ও কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, প্রয়োজনীয় আসবাবপত্র, যন্ত্রপাতি, গ্রন্থাগার এবং পাঠদানের অনুমতির শর্তসহ নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বাতিল বা প্রত্যাহার করার ক্ষমতা বোর্ডের রয়েছে।

একই সঙ্গে অফিস আদেশের সঙ্গে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের আওতাভুক্ত মোট ৬২১টি প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তালিকাও প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version