image 317348 1786359899

নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট

দিনাজপুর কোতোয়ালি থানার ভেতরে দায়িত্ব পালনরত এক সিআইডি কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় তাকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় আরও ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৯ আগস্ট) গভীর রাতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে একটি হত্যা মামলার তদন্তসংক্রান্ত কাজে ব্যস্ত ছিলেন সিআইডির ইন্সপেক্টর নওবুর রহমান। এ সময় মুজিবুর রহমান কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে থানায় প্রবেশ করেন এবং ওসির অবস্থান জানতে চান।

ওসি উপস্থিত না থাকায় এ বিষয়ে কথা বলতে গিয়ে সিআইডি কর্মকর্তার সঙ্গে মুজিবুর রহমানের বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে তদন্তে নিয়োজিত ওই কর্মকর্তাকে চড় মারেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে থানায় থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকেই তাকে আটক করেন।

ঘটনার পর সোমবার (১০ আগস্ট) সিআইডির ইন্সপেক্টর নওবুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মুজিবুর রহমান ছাড়াও অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর নবী জানান, সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং তদন্তরত এক সিআইডি কর্মকর্তার ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া মুজিবুর রহমানকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় সিআইডি কর্মকর্তা নওবুর রহমান কিংবা গ্রেপ্তার হওয়া মুজিবুর রহমান মুজিবের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version