নিজস্ব প্রতিবেদক

আগামী তিন মাসের মধ্যে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাস সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এতে ডেঙ্গু সমস্যা পুরোপুরি সমাধান করা সম্ভব না হলেও অন্তত ৮০ শতাংশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হবে।

তিনি বলেন, দেশ সবার। তাই দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই দেশের পরিবর্তন সম্ভব।

অনুষ্ঠান থেকে দেশের বিভিন্ন জেলার স্কাউট, বিএনসিসি, গার্লস গাইড, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণদের সঙ্গে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী।

তরুণদের শক্তির কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে স্কাউট সদস্যের সংখ্যা প্রায় ২৩ লাখ এবং বিএনসিসির সদস্য প্রায় ২২ হাজার। এ ছাড়া মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রায় দেড় কোটি এবং প্রাথমিক পর্যায়ে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। এত বিপুলসংখ্যক মানুষ দেশের পুনর্গঠনে যুক্ত হলে কোনো শক্তিই দেশের অগ্রযাত্রা থামাতে পারবে না।

প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতা কার্যক্রমকে ডেঙ্গু প্রতিরোধের অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হিসেবে তুলে ধরে সবাইকে নিজ নিজ পরিবার, সমাজ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। তিনি প্রতিদিন অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতার কাজে দেওয়ার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, দেশের তরুণেরা পরিবর্তনের শক্তি দেখিয়েছে। এখন সেই শক্তিকে কাজে লাগিয়ে রাষ্ট্র ও দেশ পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version