কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজা (৩০) গাজীপুরের বাইমাইল এলাকা থেকে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই পালিয়েছিলেন বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ।

এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন প্রিজন ভ্যানে দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার এবং ভ্যানটির চালক নায়েক কামাল হোসেন।

পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকার আদালতে হাজিরা ও মামলার শুনানির জন্য নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে রাতে তাঁদের আবার কারাগারে ফেরানোর সময় পিচ্চি রাজা পালিয়ে যান।

ঘটনার পর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, রাত সাড়ে ৮টার দিকে প্রিজন ভ্যানটি গাজীপুরের বাইমাইল এলাকায় পৌঁছালে পিচ্চি রাজাকে শৌচকর্মের জন্য গাড়ি থেকে নামানো হয়। এ সময় তিনি দৌড়ে পালিয়ে যান। পরে অন্য ২৯ আসামিকে কারাগারে নেওয়া হয়।

তবে তদন্তে প্রাথমিকভাবে ওই তথ্যের সত্যতা পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তাঁরা হলেন এসআই প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব, শাকিল হোসেন এবং প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, জিজ্ঞাসাবাদে পাঁচ পুলিশ সদস্য একেক সময় একেক ধরনের তথ্য দিয়েছেন। ফলে পিচ্চি রাজা ঠিক কোথা থেকে এবং কীভাবে পালিয়েছেন, তা নিয়ে শুরু থেকেই অস্পষ্টতা তৈরি হয়।

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (দক্ষিণ) সাহেব আলী পাঠান জানিয়েছেন, বিভিন্ন তথ্য যাচাই করে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে পিচ্চি রাজা ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই পালিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পর্যবেক্ষণ কমিটির প্রধান ও গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (সিটি এসবি) মোহাম্মদ মহিউল ইসলাম বলেন, সাময়িক বরখাস্ত পাঁচ পুলিশ সদস্যকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁরা এখনো সঠিক তথ্য দিচ্ছেন না। ঘটনার প্রকৃত স্থান ও কীভাবে আসামি পালিয়ে গেলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন বলেন, প্রিজন ভ্যানের কারাগার থেকে আদালত এবং আদালত থেকে কারাগারে ফেরার পথে নিয়ম অনুযায়ী কোথাও থামার সুযোগ নেই। বড় ধরনের জরুরি পরিস্থিতি হলে নিকটবর্তী থানায় থামানোর নিয়ম রয়েছে।

পুলিশ জানিয়েছে, পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হবে।

পিচ্চি রাজা যেভাবে আলোচনায়

রাজা ওরফে পিচ্চি রাজাকে চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে ওই এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version