বাংলাদেশে কার্যক্রম আরও সম্প্রসারণের অংশ হিসেবে রাজধানী ঢাকায় অফিস খোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। একই সঙ্গে বাংলাদেশের ই-কমার্স, অনলাইন ব্যবসা ও সাইবার নিরাপত্তা খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।
শামা ওবায়েদ বলেন, মেটার সঙ্গে বাংলাদেশের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ঢাকায় মেটার একটি অফিস বা কার্যক্রমের কেন্দ্র স্থাপনের বিষয়ে প্রতিষ্ঠানটি আগ্রহ দেখিয়েছে বলেও জানান তিনি।
তবে প্রধানমন্ত্রীর মেটার সঙ্গে সরাসরি বৈঠক হওয়ার কথা থাকলেও সময়সূচির কারণে তা হয়নি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উচ্চপর্যায়ের বাংলাদেশি প্রতিনিধিরা মেটার সঙ্গে আলোচনায় অংশ নেন বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানিয়েছেন।
আলোচনায় বাংলাদেশের সাইবার নিরাপত্তা আইন নিয়েও মতবিনিময় হয়েছে। পাশাপাশি ই-কমার্স ও অনলাইন ব্যবসার সম্প্রসারণে মেটার সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বাংলাদেশে মেটার ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের ধারাবাহিকতায় সম্প্রতি স্থানীয় ব্যবসায়ীদের জন্য মেটা প্ল্যাটফর্মে বিজ্ঞাপনের বিল bKash-এর মাধ্যমে পরিশোধের সুবিধা চালু হয়েছে। এতে বিশেষ করে ছোট ও মাঝারি ব্যবসার জন্য ডিজিটাল বিজ্ঞাপনে প্রবেশের সুযোগ সহজ হয়েছে।
এ ছাড়া Meta ও LightCastle Partners-এর উদ্যোগে বাংলাদেশে Small Business Growth Academy কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে ডিজিটাল মার্কেটিং ও এআইভিত্তিক ব্যবসায়িক সরঞ্জাম ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
শামা ওবায়েদের মতে, বাংলাদেশের বড় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী গোষ্ঠী এবং দ্রুত সম্প্রসারিত অনলাইন ব্যবসার বাজারকে কেন্দ্র করে মেটার সঙ্গে ভবিষ্যতে আরও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে।

