ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
বুধবার (৭ অক্টোবর) সকালে আয়োজিত কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসলাম স্বপনসহ তেজগাঁও থানা যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান চিহ্নিত করে সেগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়।
এ সময় সাধারণ মানুষকে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানান যুবদলের নেতাকর্মীরা।
ইসলাম স্বপন বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়। এ জন্য সাধারণ মানুষকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজেদের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাই ভূমিকা রাখতে পারেন।
যুবদলের নেতাকর্মীরা জানান, দেশব্যাপী এ ধরনের কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

