নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে এ কর্মসূচি।
‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন রোববার (৪ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কর্মসূচির উদ্বোধন করবেন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বাড়ানো এবং মশার বংশবিস্তারের উৎস ধ্বংসে জনগণকে সম্পৃক্ত করাই এ কর্মসূচির প্রধান লক্ষ্য।
এ ছাড়া ডেঙ্গু প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন করার পাশাপাশি মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান পরিষ্কার ও ধ্বংসের বিষয়ে উদ্বুদ্ধ করা হবে বলে জানিয়েছে দলটি।
