ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণদের নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে প্রতিরোধ। এ জন্য আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। দেশের বিপুলসংখ্যক তরুণ পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত হলে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি পরিবেশ রক্ষায়ও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

এর আগে সকালে প্রধানমন্ত্রী রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচারকক্ষসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। হাসপাতালের ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে উন্নয়নের জন্য কর্তৃপক্ষকে সাত দিন সময় দেন তিনি।

রাজধানীর পরিচ্ছন্নতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা একটি বিশাল শহর। সিটি করপোরেশন ও প্রশাসনের একার পক্ষে পুরো শহর পরিচ্ছন্ন রাখা কঠিন। তাই নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।

যত্রতত্র ময়লা ফেলা বন্ধে সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেললে তাকে সচেতন করতে হবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে ঢাকা শহরকে আরও পরিচ্ছন্ন রাখা সম্ভব।

প্রধানমন্ত্রী আরও জানান, নগরীর বিভিন্ন স্থানে ময়লা ফেলার জন্য ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিভিন্ন স্থান থেকে ডাস্টবিন চুরি হওয়ার পাশাপাশি সিটি করপোরেশনের লাগানো গাছের চারাও চুরি হচ্ছে। এসব বন্ধে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের নিজেদের ও পরিবারের সদস্যদের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, গাছপালা বাড়ানো গেলে নগরীর সবুজায়ন বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা ও সবুজায়ন নিশ্চিত করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সরকার ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version