
দৈনিক রিপোর্ট ডেস্ক:
পুলিশ বাহিনীর তিনজন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং দুইজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার ক্ষমতাবলে জনস্বার্থ বিবেচনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। বিধি অনুযায়ী তারা অবসর-পরবর্তী সব প্রাপ্য সুবিধা ভোগ করবেন এবং আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
অবসরে পাঠানো ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা হলেন— হাইওয়ে পুলিশের মোহাম্মদ আবদুল্লাহীল বাকী, বাংলাদেশ পুলিশ একাডেমি (সারদা)-এর মো. ওয়ালিদ হোসেন এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সানা শামীনুর রহমান।
অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সিআইডির মোহাম্মদ সরোয়ার হোসেন ও রেবেকা সুলতানা, ট্যুরিস্ট পুলিশের বিধান ত্রিপুরা ও সুলতানা নাজমা হোসেন, পুলিশ স্টাফ কলেজের এ কে এম ইকবাল হোসেন, এপিবিএনের সহেলী ফেরদৌস, বাংলাদেশ পুলিশ একাডেমির মোহাম্মদ তবারক উল্লাহ, পুলিশ টেলিকমের হাসিনা রহমান, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ফয়সল মাহমুদ, পুলিশ অধিদপ্তরের কানিজ ফাতেমা, নৌ পুলিশের জেসমিন বেগম এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোছা. ফরিদা ইয়াসমিন।
এ ছাড়া রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান এবং টিডিএসের পুলিশ সুপার আবদুর রহিম শাহ চৌধুরীকেও একই আদেশে অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি বিধিমালা অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তাদের প্রাপ্য অবসরজনিত সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ সিদ্ধান্ত প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।