নিজস্ব প্রতিবেদক
ঢাকা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
শনিবার ছবিটি প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ছবিটির সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ছবিটি হোয়াইট হাউসের সৌজন্যে পাওয়া।
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমান ও জুবাইদা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
২২ সেপ্টেম্বর নিউইয়র্কে নৈশভোজ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতা ও তাঁদের স্বামী-স্ত্রীদের সম্মানে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে এই নৈশভোজের আয়োজন করেন ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ওই সময় নিউইয়র্কে ছিলেন তারেক রহমান। তাঁর সফরসঙ্গী ছিলেন জুবাইদা রহমান।
এর আগে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলায় ভাষণ দেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ। সফর শেষে ২৭ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।
জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্য
জাতিসংঘের ভাষণে তারেক রহমান দেশের গণতান্ত্রিক ও অর্থনৈতিক পরিবর্তনের পরিকল্পনা তুলে ধরেন। দেশ পুনর্গঠনে ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’—এই তিনটি বিষয়কে ভিত্তি করে ‘থ্রি-আর’ কৌশলের কথা জানান তিনি।
ভাষণে রোহিঙ্গা সংকটের বিষয়ও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে প্রত্যাবাসনকে সংকট সমাধানের প্রধান পথ হিসেবে উল্লেখ করে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা চান তিনি।
এ ছাড়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।
