বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার মূল উৎস। জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চায় তাঁর দল।
সোমবার দেওয়া বাণীতে তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানান।
তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, দলটির প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্রের নতুন পথচলা শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বাণীতে খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানান তারেক রহমান। তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশের বিভিন্ন পর্যায়ের মানুষের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছায়।
বিএনপির প্রতিষ্ঠার পর গণতন্ত্র, সুশাসন ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার বিভিন্ন আন্দোলনে দলের নেতা-কর্মীদের ত্যাগের কথাও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দলের প্রয়াত ও আহত নেতা-কর্মীদের অবদানের কথা স্মরণ করেন।
তারেক রহমান বলেন, বিভিন্ন সময়ে বিএনপি সরকারে থেকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন ও নারীশিক্ষার প্রসারসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
বিএনপির নেতা-কর্মীদের জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জবাবদিহি, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করাই তাঁদের সামনে প্রধান লক্ষ্য।
