জাতীয় বেতন স্কেল–২০২৬ অনুযায়ী চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত শর্ত ও চুক্তি সংশোধন সাপেক্ষে সংশ্লিষ্ট কর্মচারীরা ২০২৬ সালের ১ জুলাই থেকে নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন।

বুধবার (২৮ অক্টোবর) অর্থ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ, প্রযোজ্য ভাতা এবং পেনশন-সংক্রান্ত বিভিন্ন শর্ত তুলে ধরা হয়েছে।

প্রজ্ঞাপনটি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

১ জুলাইয়ের আগে নিয়োগপ্রাপ্তদের বেতন যেভাবে নির্ধারিত হবে

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বেতন স্কেল–২০১৫-এর আওতায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মচারীর চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১ জুলাইয়ের পরও বহাল রয়েছে, তাঁদের ক্ষেত্রে চুক্তি সংশোধন সাপেক্ষে নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।

সংশ্লিষ্ট কর্মচারীরা ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী নির্ধারিত গ্রেড ও ধাপের বেতন পাবেন। পাশাপাশি চাকরি (বেতন ও ভাতা) আদেশ–২০২৬ এবং সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী প্রযোজ্য ভাতা পাওয়ার সুযোগ থাকবে।

১ জুলাইয়ের পর নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাইয়ের পর চুক্তিভিত্তিক পদে নিয়োগ পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে অবসরের অব্যবহিত আগে জাতীয় বেতন স্কেলে যে গ্রেড ও ধাপে মূল বেতন পাওয়ার কথা ছিল, নতুন বেতন স্কেলে তার অনুরূপ গ্রেড ও ধাপের বেতন বিবেচনা করা হবে।

এ ক্ষেত্রে বিদ্যমান চুক্তি থাকলে তা সংশোধন করতে হবে। চুক্তি অনুযায়ী যোগদানের তারিখ থেকে প্রযোজ্য বিধান অনুসারে বেতন-ভাতা দেওয়া হবে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত অথবা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিতে উভয় পক্ষের সম্মতিতে নির্ধারিত বেতনই কার্যকর হবে।

পেনশন ও অন্যান্য সুবিধা নিয়ে নির্দেশনা

প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক নিয়োগের সময়ে পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধার বিষয়েও শর্ত উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নির্ধারিত বেতন থেকে নির্ধারিত গ্রস পেনশন এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ অতিরিক্ত পেনশন বাদ দেওয়া হবে না। তবে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদে ওই চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক বা বর্ধিত পেনশন দেওয়া হবে না।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী নন—এমন ব্যক্তিদের চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন-ভাতা ও অন্যান্য শর্ত সংশ্লিষ্ট পরিস্থিতি বিবেচনায় জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সমন্বয়ে নির্ধারণ করা হবে। পরে সেই অনুযায়ী চুক্তিপত্র সম্পাদন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নতুন নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক আগের আদেশ, স্মারক ও নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল বলে গণ্য হবে। তবে নতুন প্রজ্ঞাপনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আগের নির্দেশনাগুলো বহাল থাকবে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version