চট্টগ্রামে কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযানে ৩৫৪ কিশোরকে আটক করেছে জেলা পুলিশ। রোববার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত জেলার ১৭টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য জায়গাগুলোতে অভিযান চালানো হয়। আটক কিশোরদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়।

আটক ৩৫৪ কিশোরের মধ্যে ২৯৩ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৬১ জনের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া মাদক ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে অভিযানে আরও ৯১ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে বিশেষ এ অভিযানে মোট ৪৪৫ জন আটক হয়েছেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, অভিযান শেষে অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার এবং কোথায় ও কার সঙ্গে সময় কাটাচ্ছে—এসব বিষয়ে নজরদারি বাড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে পুলিশি তৎপরতার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

জেলা পুলিশ জানিয়েছে, কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

Doinik Report | দৈনিক রিপোর্ট বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন ও গুরুত্বপূর্ণ আপডেট—দ্রুত, তথ্যভিত্তিক ও নির্ভরযোগ্যভাবে। সত্যের পক্ষে | তথ্যের সঙ্গে | পাঠকের পাশে 🇧🇩

Leave A Reply

© 2026 দৈনিক রিপোর্ট | সম্পাদক ও প্রকাশক: মোঃ আদিল
Exit mobile version